নিজের মৃত্যুর ছবি তুললেন মিসরের ফটো সাংবাদিক

নিজের মৃত্যুর ছবি তুলে রেখে গেছেন মিসরের ফটো সাংবাদিক আহমেদ সামির আসিম। খবরের সন্ধানে মাঠে গিয়ে নিজেই খবরে পরিণত হয়েছেন ঐ ফটো সাংবাদিক। -খবর আনন্দবাজার পত্রিকার। সেনা অভ্যুত্থানে মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির বিদায়ের পর তার সমর্থকদের ওপর চলছে অভিযান। এই খবরের ছবি তুলতে আহমেদ সামির ছিলেন আন্দোলনকারীদের মাঝে। তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে নির্বিচারে। অর্ধশত মুরসি সমর্থকের সাথে তিনিও সেনার গুলিতে লুটিয়ে পড়েন। তবে গুলির সময়ও দায়িত্ব থেকে সরে আসেননি তিনি। বরং তার দিকে তাক করা সেনার বন্দুকের দিকেই তাকিয়েছিল তার ক্যামেরা। সোমবারের ঐ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মিসরের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সশস্ত্র হামলা থেকে প্রধান কার্যালয় রক্ষা করতেই গুলি চালায় সেনাবাহিনী। তবে সেদিন ঠিক কী ঘটেছিল তার সঠিক তথ্য মিলবে আসিমের তুলে যাওয়া শেষ ভিডিও চিত্রটি থেকে।