সুন্দরবনে র্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ২
বাগেরহাট প্রতিনিধি ও মংলা সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:৫৮
সুন্দরবনে বুধবার দুপুরে র্যাব-৮ এর সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। র্যাব জানিয়েছে, নিহতরা বনদস্যু রেজাউল ওরফে ‘শীর্ষ বাহিনী’র সদস্য। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের উত্তরে বড় টেংরার খালে প্রায় আধাঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি।
নিহতরা হলো- বাগেরহাটের মংলা উপজেলার রিয়াজ ওরফে ডালিম (২৭) এবং কালাম শেখ (৪২)। স্থানীয় জেলেদের উদ্ধৃতি দিয়ে র্যাব-৮ এর লে: সরফরাজ ওবায়েদ বুধবার বিকালে ঘটনাস্থল থেকে নিহতদের প্রাথমিক এই পরিচয় জানান। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি দোনলা বন্দুক, দু’টি একনলা বন্দুক, চারটি এলজি, নয় রাউন্ড বন্দুকের গুলি, ২১ রাউন্ড বন্দুকের গুলির খোসা এবং দস্যুদের ব্যবহূত একটি কাঠের নৌকা। র্যাব-৮ এর সিও লে: কর্নেল ফরিদুল আলম জানান, বুধবার দুপুর পৌনে দুইটার সময় বনের ট্যারাখালী খালে র্যাব সদস্যরা টহল দেয়ার সময় পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যু শীর্ষ বাহিনী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। বুধবার বিকালে নিহতদের লাশ ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বাগেরহাটের মংলা থানার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।