ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শিবপুরে বেকারি থেকে ৫ টন ভেজাল সেমাই উদ্ধার, গ্রেফতার ৫

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শিবপুর উপজেলার কামারটেক এলাকার বেকারি প্রতিষ্ঠান ভুঁইয়া ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে ৫ টন ভেজাল সেমাই উদ্ধার করেছে এবং এই ক্ষতিকর পণ্য উত্পাদনের সাথে জড়িত কবির হোসেন (৩০), সুমন মিয়া (৩০), মোরশেদ (২৩), কুদ্দুস মিয়া (২৫) ও সাদেক (২৩) নামে ৫ জনকে গ্রেফতার করেছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ শফিকুল ইসলাম সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন। আদালত তাত্ক্ষণিকভাবে ৫ ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। জানা গেছে, ভুঁইয়া ফুড প্রোডাক্টসের মালিক রেজোয়ানুল হক ভুঁইয়া দীর্ঘদিন যাবত্ কামারটেক গ্রামে তার বেকারিতে নিম্নমানের সেমাই ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। সোমবার কারখানায় অভিযান শুরুর আগেই বেকারির মালিক রেজোয়ানুল হক ভুঁইয়া পালিয়ে যায়। পরে ম্যাজিস্ট্রেট ফ্যাক্টরিটি সিলগালা করে উদ্ধারকৃত মালামাল নিয়ে চলে যান। পরে এ সমস্ত ভেজাল মালামাল পানিতে ফেলে দেয়া হয়। জানা গেছে, ঈদকে সামনে রেখে নরসিংদীর বেশ কিছু বেকারির মালিক অতি মুনাফার আশায় নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা ও তেলসহ বিভিন্ন ভেজাল সামগ্রী দিয়ে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করছে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কঠোর অভিযানে নেমেছে।