পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুক হামলায় যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল হামলার পর বন্দুকধারীরা গির্জায় আগুন ধরিয়ে দেয়। নিউজিল্যান্ডে মসজিদ এবং শ্রীলঙ্কায় গির্জা ও অভিজাত হোটেলে হামলার পর এবার বুরকিনা ফাসোতে একই ধরনের হামলার ঘটনা ঘটলো। গতকালও শ্রীলঙ্কার একটি শহরে মসজিদে হামলার ঘটনা ঘটেছে। ওই শহরে কারফিউ জারি করেছে সরকার। খবর বিবিসি ও রয়টার্সের
বুরকিনা ফাসোর কর্মকর্তারা বলেছেন, হামলাকারীদের বয়স ২০ থেকে ৩০ বছর হবে। গতকাল বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় শহর ডাবলোর ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। শহরের মেয়র ঔসমানি জঙ্গো জানান, কাছের আরো কয়েকটি ভবনে আগুন দেওয়া হয়েছে এবং একটি স্বাস্থ্য কেন্দ্রে লুটপাট চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩৫ দিনের মধ্যে গির্জায় এটা তৃতীয় হামলা। মেয়র জানান, রবিবার সাপ্তাহিক প্রার্থনার সময় সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায় যখন প্রার্থনাকারীরা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেন। মেয়র বলেন, হামলার পর দোকান-পাট সব বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা ঘরের বাইরে আসছেন না। শহরে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। হামলার পেছনে জঙ্গি সংগঠন আল-কায়েদা কিংবা ইসলামি কোনো সশস্ত্র গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে সিলগাদজি শহরের প্রটেস্ট্যান্টদের একটি গির্জায় হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করা হয়েছিল। একই মাসে ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করা হয়। গত মাসে শ্রীলঙ্কার গির্জা ও তিনটি অভিজাত হোটেলে জঙ্গি হামলায় ২৫০ জনের বেশি। এর আগের মাসে নিউজিল্যান্ডের দুটি মসজিদে জঙ্গির হামলায় ৫০ জন নিহত হন।
শ্রীলঙ্কায় মসজিদে হামলা
পূর্ব উপকূলীয় শহর চিলাউয়ের তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানিয়েছেন, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিলাউ পুলিশ এলাকায় সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পরে পুলিশ জানায়, কারফিউ ভোর ৪টায় প্রত্যাহার করা হবে। ফেসবুকে পোস্টের লেখক আব্দুল হামিদ মোহাম্মদ হাসমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসলিম বাসিন্দা জানান, উত্তেজিত জনতা তিনটি মসজিদ ও মুসলিম মালিকাধীন দোকানে হামলা চালায়।