সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:২১
সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার না করায় ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দু’দশকে একমাত্র ফরিদপুরের গৌতম দাস হত্যাকাণ্ডের আংশিক বিচার ছাড়া আর কোন সাংবাদিক হত্যার বিচার হয়নি। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিইউজে’র সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দফতর সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, নির্বাহী সদস্য আবুল কালাম ও কাঞ্চন কুমার দে। সাংবাদিক নেতৃবৃন্দ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন সাংবাদিক হত্যাকাণ্ডের কথা উল্লে¬খ করে বলেন, বেগম জিয়ার সরকার সাংবাদিকদের সাথে যে নিষ্ঠুর আচরণ করেছে তা এ সরকারের কাছ থেকে সাংবাদিক সমাজ আশা করে না।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের একটি অংশ রাজনৈতিক ও গোষ্ঠী স্বার্থের কারণে সাগর-রুনী হত্যার প্রতিবাদ আন্দোলন থেকে সরে গেছেন। এটি দুঃখজনক।