রানা ও পাঁচ গার্মেন্টস মালিকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:২৩
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনে অবস্থিত ৫টি গার্মেন্টস মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে তা শ্রমিক কল্যাণে ব্যয় করার দাবি জানিয়েছে ওই ভবনে কর্মরত শ্রমিকদের সংগঠন ‘রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন’। সেই সাথে গার্মেন্টস কারখানার শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, বকেয়া বেতন-বোনাস এবং ভবন ও কারখানা মালিকদের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৬ দফা দাবিতে গতকাল শ্রমিকরা রাজধানীতে বিজিএমইএ ভবন ঘেরাও করে সংগঠনটি। ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ। বক্তারা বলেন, রানা প্লাজার মালিক ও ভবনে অবস্থিত গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন, ক্ষতিপূরণ এবং নিহত শ্রমিকদের পরিবার ও অক্ষম শ্রমিকদের সারা জীবনের আয়ের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণসহ আহতদের বিনামূল্যে চিকিত্সা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, ভবন ও কারখানার অনুমোদন দানকারী কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়ীদের চাকরিচ্যুতিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়া কারখানায় কর্মরত শ্রমিক ও নিহত-আহত শ্রমিকদের তালিকা দেয়া, নিখোঁজ শ্রমিকদের সন্ধান, প্রত্যেক কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দেয়া, শ্রমিকদের দমন-পীড়ন ও ছাঁটাই নির্যাতন বন্ধ করা, ভবন ধস স্থলে স্মৃতিস্তম্ভ নির্মান করা ইত্যাদি দাবি জানানো হয়। বক্তারা বলেন, ক্ষতিপূরণ ও সহায়তার বিষয়ে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, অনেক শ্রমিক টাকা পেলেও কেউ কেউ কোন টাকা বা চিকিত্সা কোনোটি পায়নি।
ইউনিয়নের সহ-সভাপতি ইমদাদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, খাইরুল মামুন মিন্টু , রানা প্লাজার শ্রমিক আকাশ শেখ, সাবানা খাতুন, শিউলী বেগম , শাপলা প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান, সাদেকুর রহমান শামীম, জলি তালুকদার প্রমুখ।