প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা (অবৈতনিক) হলেন ইকবাল সোবহান চৌধুরী
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:১৭
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে প্রধান-মন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা (অবৈতনিক) নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তার এই নিয়োগের আদেশ স্বাক্ষর করেন। ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
ইকবাল সোবহান চৌধুরী ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৭১ সালে লোক প্রশাসনে এমএ পাস করেন। এরপর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। প্রকাশনা বন্ধ হওয়া পর্যন্ত তিনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন। ইকবাল সোবহান চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন।