শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ নিহত ১, আহত ১০
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:১৭
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ফরেজ উদ্দিন ছরো (৫০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সাধুখালী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার মোস্তাক হোসেনের দলের সাথে পরাজিত মেম্বার আব্দুর সাত্তারের দলের বিরোধ চলে আসছে। তারা দুজনই আওয়ামী লীগের। কয়েকদিন আগে একটি সাইকেল কেড়ে নেয়া নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। তার জের ধরে বিকালে দুই দল ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসাপাতালে নেয়ার পথে ফরেজ উদ্দিন মারা যায়। শরিফুল নামে অপর একজনকে সেখানে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিত্সা নিচ্ছে। গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।