পদ্মা সেতু প্রকল্পে চীনের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ সম্ভব নয় :অর্থমন্ত্রী

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে চীনের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, চীনের ২৪০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাবটি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। তবে এ প্রস্তাবের বিষয়টি গতকাল নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার এ. নিকোলায়েভ এবং ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ পৃথক বৈঠক করেন। বৈঠকের পর বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগের কারণে নির্ধারিত ঠিকাদার দিয়ে নয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার দিয়েই পদ্মাসেতু প্রকল্পের কাজ করা হবে। প্রকল্পে কোনো দ্বি-পাক্ষিক অর্থায়নের প্রস্তাবই গ্রহণযোগ্য নয়। কারণ সেক্ষেত্রে অর্থায়নকারী দেশের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে হবে। তিনি বলেন, চীনের প্রস্তাবটি আমি দেখেছি। এর আগে রাশিয়াও প্রস্তাব দিয়েছিল। কিন্তু যেহেতু ইতিমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে সেহেতু এখন এ প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। পঙ্কজ শরণের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ভারতের সাথে ১শ’ কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় অনুদানের ২০ কোটি ডলারের তৃতীয় কিস্তির ৫ কোটি ডলার ছাড় করা হয়েছে। আগামী মাসে শেষ কিস্তির অর্থও পাওয়া যাবে। তৃতীয় কিস্তি ছাড়ের মধ্য দিয়ে অনুদানের ২০ কোটি ডলারের মধ্যে এ পর্যন্ত ১৫ কোটি ডলার ছাড় হল। অর্থমন্ত্রী বলেন, এ অনুদানের পুরোটাই পদ্মাসেতু প্রকল্পে ব্যয় করা হবে। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেছেন। তাদের নিরাপত্তা অনেক জোরদার। এ নিয়ে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি।