খালেদা জিয়ার জামিনে বাধা দেয়া হচ্ছে-রিজভী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখানে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা অপরাধ করার পরেও কখনও আদালত কর্তৃক শাস্তি পেলেও নির্বিঘ্নে মন্ত্রিত্ব করতে পারেন। বিরোধী দলের লোকদের হত্যা করার পরেও আওয়ামী ‘সন্ত্রাসীরা’ রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে যায়। অথচ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকিয়ে রেখে জামিনে বাধা দেওয়া হচ্ছে।

গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নুসরাত, শাহীনুর, তনু ও মিতুর মতো অসংখ্য নারী-কিশোরী প্রতিনিয়ত হত্যা হচ্ছে বলে দাবি করে রিজভী বলেন, ‘হত্যা, নারী নির্যাতন-শিশু নির্যাতনের খবরে সংবাদপত্রের পাতা ভরে থাকে। এই ম্যান্ডেটহীন সরকারের কারণেই অসংখ্য মানুষের কান্না ও দীর্ঘশ্বাসে বাংলাদেশের বাতাস ভারী হয়ে আছে।