৭৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার
আব্দুর রহমান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২০
বিজিবি ও মিয়ানমার অভিবাসন বিভাগের ব্যাটালিয়ন পর্যায়ে মংডুতে দুু’ঘন্টাব্যাপী পতাকা বৈঠক শেষে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ৭৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের অভিবাসন বিভাগ। গতকাল বৃহস্পতিবার মংডু শহরে সকাল সাড়ে ১০ টায় ৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার মংডুস্থ অভিবাসন বিভাগের ডেপুটি পরিচালক ইউ সু নিং-এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ২ ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে মিয়ানমার অভিবাসন বিভাগ ৭৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ প্রতিনিধি দল বিকাল ৩ টায় ফেরত নাগরিকসহ টেকনাফ বিজিবি সীমান্ত ফাঁড়ির জেটি ঘাটে পৌঁছে। ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য বিজিবি টেকনাফ মডেল থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে । ১৪ মাস সাজা ভোগ করে ফেরত আসা জাফর আলম জানান, ২০১১ সালে মানবপাচার চক্রে খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে ৮৬ মালয়েশিয় যাত্রীসহ বিকল ট্রলারটি আটক করে মিয়ানমার নৌ-বাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা। পরে মিয়ানমার প্রশাসন তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেয়।