এবার রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২০
এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেতারা। শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অভিযুক্তদের বিচারসহ ১৩ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন আন্দোলনকারী শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান ও একাডেমিকসহ সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
১৩ দফা দাবি পূরণের জন্য গত ৭ জুলাই কুবি’র ভিসিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেতৃবৃন্দ। কিন্তু ভিসি এতে কোন কর্ণপাত না করায় গত মঙ্গলবার থেকে তারা আন্দোলনে নামেন। আন্দোলনকারী শিক্ষকরা সকাল ১০টা হতে প্রতিদিন ৭ ঘণ্টা করে তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছেন।
শিক্ষক জোট নেতৃবৃন্দের মধ্যে জিএম মনিরুজ্জামান, মেহেদী হাসান, আইনুল হক, রশিদুল ইসলাম শেখ জানান, আমাদের ১৩ দফা দাবির বিষয়ে ভিসি কোন পদক্ষেপ না নেয়ায় তারা এ আন্দোলন করছেন। এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. আমির হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।