ত্রুটি-বিচ্যুতি শুধরিয়ে জাতির প্রত্যাশা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য অব্যাহতভাবে কাজ করে যাবে। তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি সম্মান রেখে সরকারের ত্রুটি-বিচ্যুতি শুধরিয়ে জাতির প্রত্যাশা পূরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। লন্ডন ও বেলারুশ সফর শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। গাজীপুরসহ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। প্রসঙ্গত, গত ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থীরা। প্রধানমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের রায়ের প্রতি সম্মান রেখে সরকারের ত্রুটি-বিচ্যুতি শুধরিয়ে জাতির প্রত্যাশা পূরণ করে মহাজোট সরকার গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য আগামী দিনগুলোতে কাজ করবে। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল এবং বিরোধী দলের অপপ্রচারে নিরুত্সাহিত না হয়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের অগণিত নেতাকর্মীকে সব ভেদাভেদ ও অন্তর্কলহ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জন করে আগামী সব নির্বাচনে দল ও মহাজোটকে জয়ী করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিএনপি সরকারের সময় নির্বাচনে কারচুপি ও ক্ষমতাসীন দলের ক্ষমতার অপব্যবহারে অনুষ্ঠিত মাগুরার নির্বাচনের পরিপ্রেক্ষিতে সর্বমহলে অবাধ নির্বাচন নিয়ে যে আস্থার সংকট বিরাজ করছিল, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনে যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সবার আস্থা ফিরে এসেছে। এই আস্থা কোনোভাবেই নস্যাত্ করা যাবে না এবং বর্তমান সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে বদ্ধপরিকর। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান। জাতীয় পার্টি (এ) সহ মহাজোটের সব শরিক দলের নেতাকর্মীদের তাদের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রদের নেতৃত্বে ওইসব সিটি কর্পোরেশন এলাকায় বর্তমান সরকারের আমলে যে নজীরবিহীন উন্নয়ন হয়েছে তা ওই এলাকার জনগণের কল্যাণের স্বার্থে আমাদের সরকার অব্যাহত রাখার আশ্বাস দিচ্ছে।