১ রানের অবিশ্বাস্য জয়ে আইপিএল শিরোপা মুম্বাইয়ের

নাটকীয়তার চূড়ান্ত হলো আইপিএল ফাইনালে। শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য। ১৮তম ওভারে শেন ওয়াটসন তুলে নিলেন ২০ রান। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বল করতে এলেন সবচেয়ে খরুচে লাসিথ মালিঙ্গা। প্রথম ৫ বলে এলো ৭ রান। শেষ বলে দরকার ২ রান। উইকেট তুলে নিলেন মালিঙ্গা। অবিশ্বাস্য ১ রানের জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।

চেন্নাইকে ১ রানে হারিয়ে ২০১৯ সালের আইপিএল শিরোপা জিতে নিল মুম্বাই। এটা ছিল মুম্বাইয়ের চতুর্থ আইপিএল শিরোপা।  আগে ব্যাট করা মুম্বাই ইন্ডিয়ান্সের টপ ও মিডল অর্ডারে বেশ কয়েক জন ভালো শুরু পেয়েছেন। কিন্তু চেন্নাই সুপার কিংস বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের কারণে ইনিংস বড় করতে পারেননি তারা। শেষ পর্যন্ত কিয়েরন পোলার্ড এসে ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে স্কোরটাকে ৮ উইকেটে ১৪৯ রানে পরিণত করেন।

জবাব দিতে নেমে দারুণ শুরু করে চেন্নাই। দক্ষিণ আফ্রিকান ওপেনার ফাফ ডু প্লেসিস ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। কিন্তু এরপর দ্রুত রায়না, রাইডু ও ধোনির উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় চেন্নাই। তবে এক প্রান্তে লড়াই চালিয়ে গেছেন শেন ওয়াটসন।  ৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলে ওয়াটসন আউট হওয়াতেই শেষ হয় চেন্নাইয়ের স্বপ্ন।