মিসরে নতুন সরকার গঠনে জোর চেষ্টা অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২৭
মিসরে অন্তর্বর্তী সরকার গঠনে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল- বেবলাওয়ি। তিনি বলেছেন, মুসলিম ব্রাদারহুডের পক্ষের কেউ যোগ্য বিবেচিত হলে তাকেও সরকারে নেয়া হবে। তবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ব্রাদারহুড। দলটি আজ শুক্রবার গণসমাবেশের ডাক দিয়েছে। এদিকে সরকার জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
মিসরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ৪টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব জঙ্গি বিমান পাঠানো হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। ২০টি জঙ্গি বিমান সরবরাহের বড় ধরনের একটি চুক্তির আওতায় মিসরে এ বিমান পাঠাচ্ছে। এর মধ্যে ৮টি সরবরাহ করা হয়েছে জানুয়ারিতেই। সর্বশেষ ৮টি সরবরাহ করা হবে এ বছরের শেষ দিকে।
এদিকে কায়রোতে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ব্রাদারহুডের প্রধান মোহাম্মাদ বাদিয়েক গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার সামরিক বাহিনীর একটি ভবনে হামলা চালাতে ইন্ধন জোগানোর অভিযোগে বাদিয়ে ও ব্রাদারহুডের অপর সিনিয়র নেতাদের খোঁজ করা হচ্ছে। সেখানে সোমবারের ওই সংঘর্ষে ৫৩ জন নিহত হয়। নিহতদের অধিকাংশ মুরসির সমর্থক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আব্দেলাতি বুধবার সাংবাদিকদের বলেন, মুরসির নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে বর্তমানে একটি নিরাপদ স্থানে বন্দী রাখা হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত মুরসির বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। সামরিক ও আদালত সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত মুরসিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কায়রোতে সোমবারের সংঘর্ষে ৫৩ জন নিহত ও ৪৮০ জন অহত হয়। এদিকে মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা জানায়, উদারপন্থি সাবেক অর্থমন্ত্রী বেবলাওয়ি মন্ত্রিপরিষদ গঠনে বুধবার আলোচনা শুরু করেছেন। তিনি মন্ত্রিপরিষদে ব্রাদারহুডের প্রতিনিধি রাখার প্রস্তাব দিতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, এটাকে আমি কোনো রাজনৈতিক সংস্থা মনে করছি না। তিনি আরো বলেন, আগামী সরকার গঠনে আমি দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি। ব্রাদারহুড মুখপাত্র তারেক আল-মুরসি বলেন, মুসলিম ব্রাদারহুড অন্তর্বর্তী সরকারের এ ধরনের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আমরা এধরনের সামরিক অভ্যুত্থান সমর্থন করি না। গত ৩০ জুন ছিল মুরসির দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি। ৩ জুলাই রাতে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।