গল্প নয় সত্যি
বিনা সুদে ঋণ!
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৭:২০
শুধু আমাদের দেশেই নয়, বরং বিশ্বের অনেক দেশেই আর্থিক সুবিধা নিয়ে নানা মিথ্যা ও গুজব ছড়িয়ে ফায়দা লোটেন একদল লোক। আর নানা সময়ে কম টাকায় অধিক লাভবান হবার বা সহজ শর্তে অর্থ লাভের এইসব গুজবের স্বীকার হন কিছু সাধারণ মানুষ। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক যেখানে কোনো ধরণের অর্থ জমা রাখা বা লোন দেওয়ার এখতিয়ারই রাখে না, সেখানে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিনা সুদে ঋণ দেওয়ার এমনই এক গুজব ছড়ানো নিয়ে এবার সংঘর্ষ অবদি ঘটনা গড়িয়েছে চীনে। বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্প্রতি চীনের গুয়াংজি প্রদেশের বেইহাই শহরে কে কা কারা বিনা সুদে ঋণ পাওয়া যাবে এমন গুজব ছড়ায়। আর এভাবে সহজে ঋণ পাওয়ার আশায় গেল মঙ্গলবার সকাল থেকেই ভিড় বাড়তে থাকে বেইহাইয়ে অবস্থিত পিপলস্ ব্যাংক অব চায়নার সামনে। প্রথমে চীনের কেন্দ্রীয় এই ব্যাংকের কর্মকর্তারা দুয়েকজনকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও মাত্র ঘণ্টা খানেকের মধ্যে ব্যাংকের সামনে বিনা সুদে ঋণ পাওয়ার দাবি নিয়ে জড়ো হন কয়েক হাজার লোক। তারা জানান, বিনা সুদে ৫০,০০০ থেকে ৫,০০,০০০ ইউয়ান (চীনের মুদ্রা) পর্যন্ত পাওয়া যাবে এমন সংবাদ পেয়েই তারা ব্যাংকে এসেছেন এবং ঋণ না নিয়ে তারা কিছুতেই ফিরবেন না। এ সময় উপস্থিত সবাই ঋণের দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে অভাবনীয় এই বিক্ষোভে হতচকিত হয়ে পড়া কেন্দ্রীয় ব্যাংকের বেইহাই শাখার সহকারি প্রধান লু ডাওফাং বলেন, ‘পিপলস ব্যাংক অব চায়না অর্থখাতের একটি নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোনো ধরনের ঋণ প্রদান করার ক্ষমতা এর কোনো কালেই ছিল না। কাজেই এত মানুষ একসাথে এই ব্যাংক থেকে বিনা সুদে ঋণ নিতে আসাই প্রমাণ করে যে, এখানকার মানুষের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান কতটা কম!’