এবারের ঈদে পূর্ণিমার বোন দিলরুবা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৩
এ দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার বড় বোন দিলরুবা হানিফকে এবারের ঈদে টিভি পর্দায় দেখা যাবে। ঈদে প্রচারিতব্য সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। টেলিফিল্মটির নাম ‘অনেক শিখা পুড়ে এমন প্রদীপ জ্বলে’। দিলরুবা এর আগে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ ধারাবাহিকে একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। ধারাবাহিকটি এখনও নিয়মিত প্রচার হচ্ছে। পেশাগতভাবে একজন ফ্যাশন ডিজাইনার হলেও শখের বসেই অভিনয় করছেন তিনি। দিলরুবা বলেন, ‘একটা সময় নিয়মিতই অভিনয় করতাম, এটা অনেক আগের কথা। এখন ফ্যাশন ডিজাইনিংয়ে পুরো সময় পার করছি। তবে মাঝে মাঝে শখের জায়গা থেকেই অভিনয়টা করতে ইচ্ছে করে। অনেকে আবার অভিনয় করার জন্য অনুরোধও করে। সেই জায়গা থেকেই মাঝে মাঝে দুয়েকটি নাটক-টেলিফিল্মে কাজ করা হয়। এবার যেই টেলিফিল্মে অভিনয় কলাম এর গল্পে এ দেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকার চরিত্রটি করেছি আমি। একটি গান ও নাচের দৃশ্যায়নও করা হয়েছে। কক্সবাজারে বেড়াতে যাওয়া বিভিন্ন মানুষের কয়েকটি আলাদা মজার গল্প এই টেলিফিল্মে দেখা যাবে।’ এতে আরও অভিনয় করেছেন—মীর সাব্বির, লিটু আনাম, ফারজানা ছবি, আব্দুল আজিজ, টেলিসামাদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। আসছে রোজার ঈদের দিন এটিএনবাংলায় বিকেল ৩টা ৫ মিনিটে এ টেলিছবিটি প্রচার হবে বলে জানা গেছে।