ব্রাজিলজুড়ে শ্রমিকদের বিক্ষোভ ও ধর্মঘট

উন্নত সরকারি সেবা এবং কর্মপরিবেশের দাবিতে ব্রাজিলের শ্রমিক ইউনিয়নগুলো বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। প্রায় লাখখানেক মানুষ বিক্ষোভে অংশ নিলেও তা ছিল শান্তিপূর্ণ। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার কর্মস্থলে না গিয়ে ধর্মঘট পালন করে এবং বিভিন্ন শহরের রাস্তায় অবস্থান নেয়। ধর্মঘটের কারণে ৪০টি আন্তঃরাজ্য এবং ১৪টি রাজ্যের আন্তঃনগরী মহাসড়ক পুরোপুরি বা আংশিক বন্ধ হয়ে যায়। সাও পাওলোতে পাঁচ হাজারের মতো মানুষ নগরীর প্রধান যানবাহনবহুল এলাকা পাওলিস্তা এভিনিউতে মিছিল করে। সে সময় তারা সংক্ষিপ্ত কর্মসপ্তাহ, উন্নত কর্মপরিবেশ এবং সাশ্রয়ী বাসস্থানের দাবি সম্বলিত ব্যানার বহন করে। এছাড়া বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক এবং হাসপাতালের কর্মীরাও ধর্মঘটে যোগ দেয়। আন্দোলনে অংশ নেয়া মানুষ বৃহস্পতিবার দিনটিকে অভিহিত করেছে ‘সংগ্রামের দিন’ হিসেবে। ধর্মঘটে অংশ নেয়া বেশিরভাগই ছিল লোহা শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং সরকারি কর্মচারী। তবে সাও পাওলো, রিও ডি জেনিরো এবং আরো কিছু প্রাদেশিক রাজধানীর ভূগর্ভস্থ রেল, বাস এবং ট্রেন শ্রমিকরা ধর্মঘটে যোগ দেয়নি এবং এর ফলে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল বলে জানা গেছে।