স্ত্রীর পিঠে চড়ে প্রশাসনের দ্বারে
দ্বারে ঘুরছেন আকবর আলী
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০১
রংপুরের কাউনিয়া উপজেলার এক শারীরিক প্রতিবন্ধী দুই যুগ আগে খাস জমি বরাদ্দ পেয়েও দখল পাওয়ার আশায় স্ত্রীর পিঠে চড়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল পাচ্ছে না আকবর আলী (৮০)।
জানা গেছে, উপজেলার হলদীবাড়ি এলাকার মৃত জবা শেখের পুত্র জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। মানব সন্তান হয়ে জন্ম নেয়ায় অচল শিশুটিকে অস্বীকার করতে পারেনি অসহায় বাবা-মা। দরিদ্র পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তানের মাথা গোঁজার কোন ঠাঁই করে দিতে পারেনি। অবশেষে ১৯৮৯ সালের ৫ ডিসেম্বর কাউনিয়া মহিলা কলেজের পশ্চিম পাশে ১৩৬ নং দাগের খতিয়ান নং ০১, জেএল নং ৫ তে কবুলিয়ত দলিল মূলে আকবর আলীর পঙ্গুত্ব দেখে ৩ শতাংশ জমির বন্দোবস্ত করে দেয় সরকার।
যা আগামী ২০৮৮ সাল পর্যন্ত তার দখলে থাকার কথা থাকলেও গত দুই যুগ অতিবাহিত হলেও পঙ্গু আকবর আলী এখনো সেই জমি নিজের দখলে নিতে পারেনি। দুই যুগ ধরে জমিটুকু এলাকার এক প্রভাবশালী দখল রয়েছে। কিছুদিন আগে জমিটি অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। যার ফলে আকবর আলীর এ জমি ফিরে পাওয়া অনিশ্চিত হয়ে দাড়িয়েছে। বিষয়টি নিয়ে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় অভিযোগ করলে একাধিকবার এলাকার লোকজনসহ বসে প্রতিবন্ধী আকবর আলীকে তার জমি ফেরত দেয়ার নির্দেশ দেয়া হলেও তিনি আইনকে তোয়াক্কা না করে এখনো নিজের দখলে রাখেন। আর শারীরিক প্রতিবন্ধী আকবর আলী ৮০ বছর বয়সে স্ত্রীর পিঠে চড়ে ন্যায় বিচারের আশায় ঘুরছেন এক অফিস থেকে অন্য অফিসে।