যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির সেফটের যান্ত্রিক ত্রুটির কারণে ৪দিন ধরে কয়লা উত্পাদন বন্ধ ছিল। ৪ দিন কয়লা উত্পাদন বন্ধ থাকায় খনির লোকসান হয়েছে প্রায় ২০ কোটি টাকা। কয়লাখনির ১২১০ কোল ফেইস থেকে কয়লা উত্পাদন অবস্থায় গত শনিবার রাত আড়াইটায় মেইন সেফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উত্পাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি স্থানীয়ভাবে চেষ্টা করেও ঐ যান্ত্রিক ত্রুটি মেরামত করতে পারেনি। বাধ্য হয়ে চীন থেকে বিশেষজ্ঞ আনতে হয়েছে। বিশেষজ্ঞদল দুইদিন চেষ্টার পর বৃহস্পতিবার সেফটের যান্ত্রিক ত্রুটি মেরামত করলে ঐদিন সন্ধ্যা ৬ টায় ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন পুনরায় শুরু হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, সেফটের যান্ত্রিক ত্রুটির কারণে শ্রমিকদেরকে ৪দিন ধরে অলস সময় কাটাতে হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক-জিএম (মাইনিং) মো. হাবিব উদ্দিন বলেন, সেফটের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় চীন থেকে বিশেষজ্ঞ এনে সেটি মেরামত করা হয়েছে। এ কারণে ৪দিন কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ১২১০ কোল ফেইস দিয়ে প্রতিদিন ৪ হাজার ৫০০ টন কয়লা উত্তোলন করা হয়েছে। ফলে ৪ দিনে ১৮ হাজার টন কয়লা উত্তোলন করা যায়নি। যার মূল্য ১৯ কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা।