সুন্দরবনে ক্যামেরার মাধ্যমে বাঘ শুমারির উদ্যোগ
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০২
সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটছে না বন বিভাগের কর্মকর্তাদের। তাই এবার ক্যামেরা ফাঁদের মাধ্যমে বাঘ শুমারি করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই বাঘ শুমারি শুরু হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) ও সুন্দরবনস এনভায়রনমেন্টাল এ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি (সিইএএলএস) প্রকল্পের পরিচালক জহির উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাঘ গণনার জন্য ইতিমধ্যে সুন্দরবনের তিনটি ব্লকের ৯০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই ক্যামেরা ট্র্যাপিং করা হবে। তবে কত টাকা ব্যয় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (ডব্লিউআইআই) তত্ত্বাবধানে করা হবে এই বাঘ শুমারি।
বন বিভাগের একটি সূত্র জানায়, ২০০৪ সালে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে শুমারি করা হয়। এতে সুন্দরবনে বাঘের সংখ্যা উঠে আসে ৪৪০টি। পায়ের ছাপ নিয়ে তৈরি করা শুমারি অনুযায়ী সুন্দরবনের ৪৪০টি বাঘের মধ্যে পুরুষ ১২১টি, স্ত্রী ২৯৮টি এবং ২১টি শাবক রয়েছে। এর মধ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগে ২৭১টি এবং পূর্ব বন বিভাগে ১৬৯টি বাঘ রয়েছে বলে জানান বন কর্মকর্তা জহির উদ্দিন আহমদ।