গাজীপুরে গার্মেন্টস কারখানায়
শ্রমিক বিক্ষোভ ও ভাংচুর
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৩
গাজীপুরের গরীব এন্ড গরীব গার্মেন্টসে ব্যাপক ভাংচুর করেছে শ্রমিকরা। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। ঘটনার পর কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।
কারখানার পরিচালক এ কে এম ফজলুল হক ভুইয়া জানান, বুধবার বিকেলে শ্রমিকদের জুন মাসের বেতন দেয়া হয়। কাজের উপর ভিত্তি করে ৭০ ভাগ শ্রমিক ২০ থেকে ২৫ হাজার টাকা করে বেতন পান। একজন পান ৪০ হাজার টাকা। অনুপস্থিত এবং উত্পাদন কম করায় কেউ কেই বেতন কম পায়। বৃহস্পতিবার কাজে যোগদানের পর সকাল সাড়ে ১০টার দিকে ‘পিস রেট কম দেয়া হয়েছে’ অজুহাতে ২০-২৫ জন শ্রমিক হঠাত্ কারখানায় ভাংচুর শুরু করে। তারা অন্য শ্রমিকদের বের করে দিয়ে মেশিন, দরজা-জানালার কাঁচ, অফিসের আসবাবপত্র, কম্পিউটার ভাংচুর করে। তারা তৈরি মালামাল ও অফিসের জরুরী কাগজপত্র তছনছ করে। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে নির্বিচারে যানবাহন ভাংচুর শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনকারী শ্রমিকরা জানায়, বর্তমানে যে উত্পাদন রেট দেয়া হচ্ছে তাতে তাদের পোষাচ্ছে না। রেট বৃদ্ধিসহ কারখানার সময়সূচি নির্ধারণ, টিফিন ভাতা বৃৃদ্ধিসহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিল্প পুলিশের সহকারী পরিচালক (এএসপি) মোশারফ হোসেন জানান, গাজীপুরের যে কয়টি কারখানায় শ্রম আইন সঠিকভাবে মানা হয় তার মধ্যে একটি গরীব এন্ড গরীব।