সুনামগঞ্জ লঞ্চঘাটে দুর্ভোগের শেষ নেই
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৩
সুনামগঞ্জ লঞ্চঘাটের জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। যাত্রী ছাউনি, টয়লেট, টিকেট কাউন্টারসহ যাত্রীদের কোন সুযোগ-সুবিধাই নেই লঞ্চঘাটে।
সুনামগঞ্জ শহরের জুবিলী স্কুল লঞ্চঘাট থেকে হাওর এলাকার কয়েকটি জেলায় স্বাধীনতার আগ থেকে লঞ্চ চলাচল করছে। লঞ্চের আকার আকৃতি উন্নত হলেও পরিবর্তন হয়নি লঞ্চ ঘাটগুলোর। লঞ্চ ঘাটগুলো জরাজীর্ণ, ভাঙ্গা সিঁড়ি ও যাত্রী ছাউনির অভাব, টয়লেট, টিকেট কাউন্টারসহ কোন কিছুই নেই। এক কথায় লঞ্চ ঘাটগুলোতে যাত্রীসেবার নামে শুধুই ভোগান্তি। যাত্রী আবুল কালাম বলেন, ভাঙ্গা সিঁড়ি দিয়ে লঞ্চঘাটে উঠানামা করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ঘাটের ইজারাদার সাজ্জাদ হোসেন বলেন, লঞ্চঘাটের সমস্যার কথা লিখিতভাবে বিআইডব্লিউটিএকে জানানো হলেও সংস্কারের কোন উদ্যোগ নেই। সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, লঞ্চঘাটটি সংস্কারের ব্যাপারে বিআইডব্লিউটিএ’র সাথে আলোচনা হয়েছে। দ্রুত এটি সংস্কার করা হবে।