আদালতের নির্দেশে
শিশু উদ্ধার বিপাকে
পুলিশ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৪
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ আদালতের নির্দেশে চার বছরের এক শিশু উদ্ধার করে বিপাকে পড়েছে। গত তিনদিন ধরে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল শুক্রবার শিশুটির অভিভাবকের খোঁজে পুলিশ বিভিন্নস্থানে তল্লাশি চালায়। মামলা সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতারামপুর গ্রামের ঝর্ণা আক্তারের সাথে বিয়ে হয় ঈশ্বরগঞ্জ উপজেলার ধনিয়াকান্দি গ্রামের হাসিম উদ্দিনের সাথে। হাসনাইন (৪) নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে হাসিম উদ্দিন শিশু হাসনাইনের নিয়ন্ত্রণ নিজের হাতে পাওয়ার জন্যে ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির বিরুদ্ধে চার্জ ওয়ারেন্ট চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি শুনানির পর আদালত নান্দাইল মডেল থানার ওসিকে শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। পুলিশ আদালতের নির্দেশ পেয়ে গত বৃহস্পতিবার মা ঝর্ণা আক্তারের হেফাজত থেকে শিশু হাসনাইনকে উদ্ধার করে আদালতে হাজির করে। ওই দিন আদালতে শিশুটির বাবা হাসিম উদ্দিন উপস্থিত না থাকায় শিশুটিকে পুলিশের হেফাজতে দেয়া হয়।