যৌতুক না পেয়ে তালাক, স্ত্রীর আত্মহত্যা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৮
স্বামীর যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তালাকপ্রাপ্ত কলেজ ছাত্রী উম্মে সালমা টুম্পা (১৮) শ্রীনগর উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামের বাবার বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত প্রায় ৭ মাস আগে টুম্পার সাথে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মেদিনীমন্ডল গ্রামের বাবুল মৃধার পুত্র মিঠু মৃধার বিয়ে হয়। বিয়ের পর নানা অজুহাতে স্বামী তাকে বাড়িতে উঠিয়ে নেয়নি। বরং যৌতুকের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে। সৌদি আরবের ভিসা না পাঠানো পর্যন্ত টুম্পাকে উঠিয়ে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়। অল্প বেতনের চাকুরে টুম্পার সৌদি প্রবাসী বাবা ভিসা পাঠাতে অস্বীকৃতি জানাতেই ফোনে টুম্পাকে স্বামী তালাক দেয় বুধবার। এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহনের পথ বেছে নেয় টুম্পা। ঘটনার পর স্বামী কিংবা স্বামী বাড়ির কেউ টুম্পাকে দেখতে পর্যন্ত আসেনি। শ্রীনগর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী টুম্পার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে টুম্পা সবার বড়। সৌদি আরব থেকে টুম্পার বাবা আব্দুস সালাম কান্না জড়িত কণ্ঠে বলেন, “আমার কন্যার এমন মৃত্যুর বিচার চাই।” টুম্পার মা তাসলিমা বেগম বলেন, “আর কোন টুম্পাকে যেন যৌতুকের কারণে মরতে না হয়, সেই জন্যই যৌতুক লোভী মিঠু মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান রাতে জানান, লাশ ময়না তদন্তের পর বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।