আগৈলঝাড়ায় লিটন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ার আলোচিত লিটন হত্যা মামলায় বুধবার বিকেলে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন বরিশাল স্পেশাল জজ আদালত। আদালত সূত্রে জানা গেছে, পেঁপে চারা লাগানোকে কেন্দ্র করে আগৈলঝাড়া উপজেলার নগড়বাড়ি গ্রামে ২০০৯ সালের ২৯ জুন প্রতিপক্ষের হাতে নিহত হয় লিটন হাওলাদার। এ ঘটনায় তার ভাই তত্কালীন ইউপি সদস্য আনিছুর রহমান বাচ্চু বাদী হয়ে একই গ্রামের দেলোয়ার হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম, তার ছেলে মিঠু হাওলাদার, শিপলু হাওলাদার, মিজান হাওলাদার, টুটুল হাওলাদার ও জাহানারার দেবর আলাউদ্দিনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে ১২ জন সাক্ষির মধ্যে ১০ জন সাক্ষি তাদের সাক্ষ্য প্রদান করেন। বুধবার বরিশাল স্পেশাল জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচজন আসামির উপস্থিতিতে মামলার রায় দেন। রায়ে জাহানারা বেগমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন। অন্য পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।