নাসিরনগরে তিন শিশুর রহস্যজনক মৃত্যু

নাসিরনগরের একটি গ্রামে গত কয়েক দিনে ৩টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামে গত বুধবার বিকেলে পুকুরপাড় থেকে সাজু মিয়ার শিশু কন্যা আইরীন আক্তারের (৫) লাশ উদ্ধার করা হয়। সে আগের দিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এর দু’দিন আগে ৮ জুলাই ধান ক্ষেত থেকে নিয়ামত আলীর শিশু কন্যা তানজিনার (০৫) লাশ উদ্ধার হয়। সেও একইভাবে আগের দিন বাড়ি থেকে নিখোঁজ হয়। ২ জুলাই খালপাড় থেকে মিঠু মিয়ার শিশু পুত্র হাফিজুল্লাহর (৪) লাশ উদ্ধার হয়। সেও আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার পুলিশ আইরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠায়। চাপরতলা ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুঁইয়া জানান, এটা অশুভ শক্তির কাজ। মৃত্যুর আলামতও স্বাভাবিক নয়। তাদের লাশ পাওয়া গেছে নিজ নিজ বাড়ি থেকে দেড়-দু’কিলোমিটার দূরে।