সরকারের বিতর্কিতদের স্বেচ্ছায় সরে যাওয়া উচিত :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের মধ্যে যেসব বিতর্কিত মুখ রয়েছে, যারা সরকার ও দলকে বিব্রত পরিস্থিতিতে ফেলছেন তাদের স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। জনগণের ভাষা তাদের বুঝতে হবে। তাদের দায় সরকার ও দল নিতে পারে না। গতকাল শুক্রবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিটি কর্পোরেশন নির্বাচন যে আওয়ামী লীগকে প্রচণ্ড ‘ধাক্কা’ দিয়েছে তা স্বীকার করে ত্রুটি-বিচ্যুতি শুধরে নেয়ার জন্য দলের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সদ্য সমাপ্ত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের প্রচণ্ড ধাক্কা দিয়েছে তাতে সন্দেহ নেই। জাতীয় নির্বাচনের আগে হাতে সময় খুবই কম। তাই এখনই ত্রুটি-বিচ্যুতি শুধরাতে হবে। রাজনীতিতে ধর্মীয় অপপ্রচার বন্ধে আইন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে, মিথ্যাচার করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শিক্ষক নেতা অধ্যক্ষ মো. শাহাজান আলম সাজু, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।