এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২২:৩৮
এতিম, প্রতিবন্ধী, শিশু, পঙ্গু মুক্তিযোদ্ধা ও আলেম-উলামা-মাশায়েকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার রমজানের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবনে স্থাপিত বিশাল প্যান্ডেলের প্রতিটি স্থান ঘুরে ঘুরে এতিম, প্রতিবন্ধীসহ আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ড. এম সালাউদ্দিন আহমদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাতও কামনা করা হয়।
প্রধানমন্ত্রীর আহ্বানে প্রায় দু’শতাধিক এতিম ও প্রতিবন্ধী শিশুরা শরিক হয় ইফতার মাহফিল। এছাড়া ধর্মীয় নেতা মাওলানা হাবিবুল্লাহ যুক্তিবাদী, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন বোখারী, মাওলানা আবদুল হালিম সিরাজী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ইসলামী হোসেন, হাফেজ আবদুল বারি, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, মুফতি সোলায়মান আল আজাদী প্রমুখ এতে অংশ নেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।