সরকারের সামনে এখন দুটি পথ খোলা :মওদুদ
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২২:৪১
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতাসীন সরকারের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি সংঘাত আর অন্যটি সমঝোতার। মূল ধারার রাজনীতিতে থাকতে হলে সরকারকে সমঝোতার পথই বেছে নিতে হবে। আর সংঘাতের পথ নিলে পরিণতি হবে আরো ভয়ঙ্কর ও করুণ।
স্বদেশ জাগরণ পরিষদ ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. কামারুজ্জামান সেলিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।
মওদুদ বলেন, বর্তমান সরকারের মধ্যে কতগুলো চক্র কাজ করছে, যার মধ্যে একটি দুষ্টচক্র আছে। এরা কয়েক মাস আগে শাহবাগে একটা নতুন জানালা খুলছে যার নাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। তখনকার ইমরান সরকার এখন গেল কোথায়? তখন মনে হয়েছিল সে-ই সরকার পরিচালনা করছে।
মওদুদ বলেন, সরকার সিটি নির্বাচন নিয়ে পর্যালোচনা করছে, নির্বাচনে হারার নানা অজুহাত দিচ্ছে। কিন্তু আসল কথা বলছে না। আসল কথা হলো- গত চার বছরে এই সরকারের চরম দুঃশাসন ও চরম দুর্নীতির জবাব জনগণ দিয়েছে। সরকারের উদ্দেশে মওদুদ বলেন, আপনারা জাতির যে ক্ষতি করেছেন তার মাশুল আপনাদের দিতে হবে। প্রধানমন্ত্রীর উদ্দেশে মওদুদ বলেন,নির্দলীয় সরকার প্রধান কে হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনাদের এক বিন্দুও বিশ্বাস করি না। কারণ এই সাড়ে চার বছরে আপনারা এমন কিছু করেননি, যাতে বিশ্বাস করা যায়।