শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তিকে ঘুরে দাঁড়াতে হবে :নাসিম
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২২:৪১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঘুড়ে দাঁড়াতে হবে। কারণ বিএনপির ঘাড়ে ভর করে জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি গণতন্ত্র হত্যার চক্রান্ত করছে।
গতকাল শুক্রবার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, সরকারের মধ্যে যেসব বিতর্কিত মুখ রয়েছে, যারা সরকার ও দলকে বিব্রত করছে তাদের নিজ উদ্যোগে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। জনগণের ভাষা বুঝে তাদের বুঝতে হবে। তাদের দায় সরকার ও দল নিতে পারে না। সিটি কর্পোরেশন নির্বাচন যে আওয়ামী লীগকে প্রচণ্ড ‘ধাক্কা’ দিয়েছে তা স্বীকার করে ত্রুটি-বিচ্যুতি শুধরে নেয়ার জন্য দলের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় নির্বাচনের আগে হাতে সময় খুবই কম। তাই এখনই ত্রুটি-বিচ্যুতি শুধরাতে হবে। জনগণের ওপর আস্থা রাখতে হবে। রাজনীতিতে ধর্মীয় অপপ্রচার বন্ধে আইন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে, মিথ্যাচার করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা আওয়ামী কিছু লীগের ত্রুটি-বিচ্যুতির জন্য এমন শক্তিকে ক্ষমতায় আনবেন না যারা দেশকে অফগানিস্তান বানানোর স্বপ্ন দেখে। বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর নামে উগ্র ধর্মভিত্তিক দলগুলোকে মাথায় তুলে দেশকে ভয়াবহ সঙ্কটের দিকে ঠেলে দিবেন না। সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শিক্ষক নেতা অধ্যক্ষ মো. শাহাজান আলম সাজু, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।