যুক্তরাজ্যে মুসলমানরা এবার রোজা রাখছেন ১৯ ঘন্টা

চলতি রমজানে যুক্তরাজ্যের মুসলমানরা প্রায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থেকে রোজা রাখছেন। বুধবার প্রথম রমজানে লন্ডন এবং তার আশপাশের এলাকায় সেহরির সময় শেষ হয় ভোররাত ২টা ৫৯ মিনিটে। এ দিন ইফতারির সময় ছিল সন্ধা ৯টা ২১ মিনিট। অন্যান্য স্থানে সেহরি ও ইফতারের সময়ের খানিকটা তফাত্ থাকলেও পানাহার থেকে বিরত থাকার যে মোট সময়, তা অনেকটা সমান। মধ্যপ্রাচ্যের সাথে তাল মিলিয়ে গত বুধবার এ দেশে রমজান শুরু হয়েছে। ইউরোপের অন্যান্য দেশের মুসলমানরাও একই সময় রোজা শুরু করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে এখানকার মুসলমানরা আগামী ৭ বা ৮ আগস্ট শেষ রোজা রাখবেন। এ দিন সেহরির সময় শেষ হবে ভোররাত ৩টা ৪৮ মিনিটে। আর শেষ রমজানের ইফতার করবেন তারা সন্ধ্যা ৮টা ৫১ মিনিটে। উল্লেখ্য, এখন যুক্তরাজ্যে গ্রীষ্মের সময়। এ সময় দেশটিতে যেন শুধু দিন আর দিন। প্রায় ১৯ ঘণ্টা থাকে সূর্যের আলো। অন্যদিকে রাত বলে আমরা যে অন্ধকারকে বুঝি তা আসে মাত্র ৫ ঘণ্টারও কম সময়ের জন্য। যতবারই গ্রীষ্মে রমজান আসে ততবারই পানাহার থেকে বিরত থাকার সময় হয় দীর্ঘ। তবে শীতকালে ঘটে এর বিপরীত। তখন সূর্যের আলো দেখা যায় না বললেই চলে। মাত্র ৪/৫ ঘণ্টা সময় দিন বলে মনে হয়। বাকিটা সময় থাকে রাতের অন্ধকার। তবে এ সময় রোজা পালনের জন্য ঘড়ির সময় দেখে সময় নির্ধারণ করা হয়। তা কোনভাবেই ১০ ঘণ্টার কম হয় না।