বিশ্বব্যাপী কমছে ডেস্কটপ বিক্রির পরিমাণ

এইচপিকে ছাড়িয়ে আবারও শীর্ষে লেনোভো

মোবাইল ডিভাইসের রাজত্বের এই যুগে ক্রমেই কমছে ডেস্কটপ পিসি বিক্রির পরিমাণ। চলতি বছরের দ্বিতীয় চতুর্ভাগেও কমেছে ডেস্কটপ বিক্রির পরিমাণ। আর এতে করে পর পর পাঁচ চতুর্ভাগে বিক্রি কমার হার অব্যাহত থাকল। এই চতুর্ভাগে বিশ্বব্যাপী বিক্রি হওয়া ডেস্কটপের পরিমাণ ছিল সর্বমোট ৭৬ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের চাইতে ১০.৯ শতাংশ কম। প্রযুক্তি বাজার ও প্রযুক্তি গবেষণা সংস্থা গার্টনার তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গার্টনার জানিয়েছে, স্বল্পমূল্যের ট্যাবলেট পিসি বিশ্বব্যাপী সহজলভ্য হয়ে ওঠার কারণেই মূলত পিসি বিক্রির হার কমে যাচ্ছে। পিসির বাজার অনেকটাই দখল করে নিচ্ছে এসব বহনযোগ্য স্বল্পমূল্যের ডিভাইস। এ প্রসঙ্গে গার্টনারের প্রিন্সিপ্যাল অ্যানালিস্ট মিকাকো কিতাগাওয়া জানিয়েছেন, ‘অনেক দেশেই এখন নতুন ব্যবহারকারীদের প্রথম কম্পিউটিং ডিভাইস হিসেবে জায়গা দখল করে নিচ্ছে ট্যাবলেট পিসির মতো বহনযোগ্য ডিভাইস। দামের স্বল্পতা এবং বহনের সুবিধাই এই ডিভাইসগুলোকে জনপ্রিয় করে তুলছে।’ গার্টনারের মতো আরেক গবেষণা প্রতিষ্ঠান আইডিসি একই সময়ের পিসি বিক্রির তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী এই সময়ে পিসি বিক্রির পরিমাণ কমেছে ১১.৪ শতাংশ। আইডিসি’র হিসাব অনুযায়ী পিসি বিক্রির মোট পরিমাণ এই দ্বিতীয় চতুর্ভাগে ছিল ৭৫.৬ মিলিয়ন। পিসি বিক্রি কমলেও গার্টনারের হিসাব বলছে এই সময়ে ট্যাবলেট পিসি বিক্রির পরিমাণ বিশ্বব্যাপীই বেড়েছে। এদিকে বিশ্বব্যাপী পিসি বিক্রি কমলেও ব্র্যান্ড হিসেবে লেনোভোর বিক্রি বেড়েছে এবং বিশ্বব্যাপী ডেস্কটপ বাজারের ১৬.৭ শতাংশ দখল নিয়ে এখন শীর্ষস্থানটি তাদের দখলেই রয়েছে। গত বছরে এই সময়ে তাদের বাজার দখল ছিল ১৪.৯ শতাংশ। লেনোভো প্রথম স্থানটি দখল করে নেওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছে এইচপি। তাদের বর্তমান বাজার দখল ১৬.৩ শতাংশ। পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ডেল, এসার এবং আসুস। যুক্তরাষ্ট্রের বাজারে অবশ্য এইচপি এখনও শীর্ষস্থানটি ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রে লেনোভো চতুর্থ স্থানে থাকলেও চীনসহ প্রযুক্তি বাজারের সম্ভাবনাময় এবং বড় বাজারগুলোতে লেনোভো শক্তিশালী অবস্থান তৈরি করে নেওয়ায় সার্বিকভাবে তারা শীর্ষে উঠে এসেছে বলে মন্তব্য বাজার বিশ্লেষক সংস্থাগুলোর।