এম-সেনট্রেক্স চালু করল গ্রামীণফোন
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২০:১৪
বাংলাদেশ রেলওয়ের টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গ্রামীণফোন চালু করেছে এম-সেনট্রেক্স। এর ফলে রেলওয়ের বিদ্যমান তামার তারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ফাইবার/আইপি ব্যবস্থায় রূপান্তর করা হবে। এম-সেনট্রেক্স হচ্ছে জিএসএম প্ল্যাটফর্মের অধীনে পরিচালিত সমাধান যা মোবিলিটি এবং ব্যবসা দক্ষতাকে বাড়াতে সহায়তা করে। এই নতুন ব্যবস্থা বর্তমানের পিএবিএক্স ব্যবস্থাকে প্রতিস্থাপিত করবে। প্রাথমিকভাবে রেলওয়েকে ৩০০টি রিমোট স্টেশনসহ ১২৬০টি এম-সেনট্রেক্স সংযোগ প্রদান করা হবে। পরবর্তীতে তা ১৭০০টিতে বৃদ্ধি করা হবে। রেল মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আমজাদ হোসেন, গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার তানভীর মোহাম্মদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।