গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে উন্নয়ন যোগাযোগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রার প্রকৃত চিত্র ফুটে উঠে গ্রামীণ ও মফস্বল সাংবাদিকতায়। জেলা-উপজেলা পর্যায়ের কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতের সমস্যা কার্যকরিভাবে গণমাধ্যমে প্রকাশ করা যায় না সাংবাদিকতার দুর্বল চর্চার কারণে। এ দুর্বলতা দূর করার লক্ষ্যে মফস্বল সাংবাদিকদের জন্য সুযোগ তৈরি করতে হবে। এটি করতে হবে সরকার এবং গণমাধ্যম মালিক-সম্পাদকদেরই। সাংবাদিকদের গ্রামের দিকে আরো মনোনিবেশ করতে হবে। গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়ন ও যোগাযোগ কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘স্টুডেন্টস ইন কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সনাতনী দৃষ্টিভঙ্গি পাল্টে গ্রামের মানুষ ও তাদের জীবন যাপন এবং কর্মকাণ্ডের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করতে হবে সাংবাদিকদের। জাতির অগ্রগতির স্বার্থে গ্রামকে শহরের সাথে যুক্ত করতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান বলেন, সাংবাদিকতার নীতি ও প্রকার-প্রকরণে এমন পরিবর্তন আনতে হবে যাতে গণমাধ্যমে কোন নেতিবাচক সংবাদ প্রকাশিত না হয়। যেন নেতিবাচক খবরের আড়ালে দেশের অর্জনগুলো চাপা পড়ে না যায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখ্তার সুলতানা, অধ্যাপক শেখ আবদুস সালাম। কুমিল্লায় কমিউনিটি সম্পৃক্ততার অভিজ্ঞতা তুলে ধরে পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ছাত্র সরদার মহব্বত আলী, ওয়াসেক উর রহমান ও জাকারিয়া খান। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে কমিউনিটি সম্পৃক্ততা সম্পর্কে স্থানীয় গণমাধ্যমের সমস্যা ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন বিভিন্ন জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও মফস্বল সম্পাদকরা। এ সময় দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক আবদুল বারী বলেন, মফস্বল সাংবাদিকদের কিছু কৌশলগত ত্রুটির কারণে অনেক সময়ই সংবাদ প্রকাশ করা যায় না। অনেক সময় দায়িত্বশীলতারও অভাব থাকে। মফস্বলের গণমাধ্যমকর্মীদের মধ্যে সাংবাদিকতার শিক্ষা বা প্রশিক্ষণ না থাকায় এ সমস্যা দূর হচ্ছে না। তবে আগের চেয়ে এ সমস্যা অনেকাংশে কমেছে। তিনি মফস্বল সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহবান জানান। সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় এ অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি স্টারের রিয়াজ আহমেদ, প্রথম আলোর মো. আবদুল ওয়ারেস, দৈনিক সমকালের চিত্তরঞ্জন কর, অজয় দাশ গুপ্ত, কালের কণ্ঠের প্রবীর সিকদার, যুগান্তরের মহিউদ্দিন সরকার।