ব্ল্যাকবোর্ড চকের দিন শেষ

ব্ল্যাক বোর্ড চকের দিন শেষ। বর্তমান সরকার শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের সাড়ে ১৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাল্টিমিডিয়া ক্লাস’ চালু করেছে। চলতি জুলাই- আগস্টের মধ্যে ২০ হাজার ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানের অবশিষ্ট ৪ হাজার প্রতিষ্ঠানেও মাল্টিমিডিয়া ক্লাস চালু করবে। তবে সরকারি ও বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে আরো প্রায় ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের একাধিক ক্লাস চালু রয়েছে। শিক্ষাকে যুগপোযোগী ও আধুনিক এবং শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যার বাইরে নিয়ে আসতে ২০১১ সালের জানুয়ারি থেকে আইসিটি প্রকল্পের মাধ্যমে সরকার মাল্টিমিডিয়া ক্লাস চালুর উদ্যোগ গ্রহণ করে। প্রকল্পটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার শিক্ষাকে আকর্ষণীয় ও বিনোদনমূলক এবং শিক্ষার্থীদের কাছে সহজে উপস্থাপনের জন্য আধুনিক এ পদ্ধতি চালু করেছে। তিনি বলেন, প্রকল্পের অধীনে ইতিমধ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালুর জন্য ল্যাপটপ, প্রোজেক্টর, মোডেম, সাউন্ড বক্স ও স্পিকারসহ বিভিন্ন সরঞ্জামাদি পৌঁছে দেয়া হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যে অবশিষ্ট ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানেও এসব সরঞ্জামাদি পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে ১৮ হাজার ১০৫ জন শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার উপযোগী করে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হয়েছে। জুলাই-আগস্টের মধ্যে ২০ হাজার ৫শ’ প্রতিষ্ঠানের অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণও সম্পন্ন করা হবে। এজন্য বর্তমানে দেশের ১৯টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলছে। তিনি বলেন, মাল্টিমিডিয়া ক্লাস ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তা তদারকির জন্য এ প্রকল্পের আওতায় আগস্ট থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। এতে কোন ধরনের ভুল-ভ্রান্তি, অসংগতি ও গাফিলতি ধরা পড়লে তা দূর করা হবে। তিনি বলেন, এ ধারাবাহিকতায় ২০১৫ সালের মধ্যে ২০ হাজার ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ৫টি করে এবং ২০২১ সালের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের সব শ্রেণির সব ক্লাসই মাল্টিমিডিয়া সিস্টেমে পাঠদান সক্ষম হবে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এবং ক্লাস রুমকে টিচার্স সেন্টার না বানিয়ে স্টুডেন্ট সেন্টার বানানোর জন্য এ কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে ক্লাসে শিক্ষকরা বইয়ের মাধ্যমে বা ব্ল্যাক বোর্ডে লিখে পাঠদান দিচ্ছেন। এতে শিক্ষার্থীদের কাছে অনেক বিষয়ই বোধগম্য হয়ে উঠছে না। ফলে পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য শিক্ষার্থীরা বিষয়টি না বুঝেই বা বিষয়ের গভীরে না গিয়ে মুখস্ত করছেন। তিনি বলেন, এ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিষয়টির কার্যপ্রণালী, গতিবিধিসহ সবকিছু ভিডিও ফুটেজের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে। আর তা যথাযথভাবে করতেই শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।