ফেলে রাখা ধানী জমিতে মাচাই করে পটলের চাষ
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৩
রাজশাহীর গোদাগাড়ীতে শতাধিক মাচাই পটল চাষের সফলতা কৃষকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। গোদাগাড়ী কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছরে দেওপাড়া, পাকড়ী, মোহনপুর, গোদাগাড়ী ও মাটিকাটা ইউনিয়নে ৩০ হেক্টর জমিতে এই পদ্ধতিতে চাষ হয়েছে।
আইহায় গ্রামের কৃষক খাইরুল ইসলাম জানান, ৩ কাঠা জমিতে পটল চাষ করতে খরচ হয়েছে ৫ হাজার টাকা। প্রতি সপ্তাহে ৩৫ কেজি পটল ৮ টাকা কেজিতে বিক্রি করে ৩ হাজার টাকা আয় হচ্ছে। মুক্তার হোসেন ১৬ কাঠা জমির পটল ৪৫ হাজার টাকার বেচতে পারবেন বলে আশা করছেন।
কৃষকরা জানান, বর্ষায় ধান চাষ করে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা জমি ফেলে রাখে কিন্তু সবজি চাষের সফলতায় তারা ফেলে রাখা জমিতে পটল, করলা, শিমসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষে ঝুঁকে পড়ছেন। কিন্তু অনাবৃষ্টির কারণে রোগ বালাই দমনে খরচ বেড়ে গেছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম বলেন, ছোট ছোট প্লট করে কৃষি বিভাগের পরামর্শ মতে শাকসবজি চাষ করলে লাভ হবে। দেলশাদপুরের কৃষি কর্মকর্তা সাধন কুমার সরকার বলেন, মাচাই পটল চাষের জন্য শতাধিক কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।