দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বর্ষায়ও বৃষ্টি নেই

ঋতু পরিক্রমায় এখন ভরা বর্ষাকাল। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বর্ষার দেখা নেই। সূর্য করোজ্জ্বল দিন। বৈশাখের মত ভ্যাপসা গরম পড়ছে। আকাশে বর্ষার ঘন কালো মেঘের ঘনঘটা নেই। বর্ষার আসল রূপের এখনও দেখা মেলেনি। শরত্কালের মত শ্বেতশুভ্র মেঘের ভেলা আকাশে ভাসছে। অথচ শরত্ আসতে এক মাসের অধিক বাকি। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু পানি জমছে না। বড় ধরনের বৃষ্টি হতে পারে এমন কোন আভাসও নেই। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত হচ্ছে। ভরা বর্ষাকালেও চাষিকে সেচ দিয়ে চারা রোপণ করতে হচ্ছে। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আয়েশা খাতুন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় প্রত্যাশিত বর্ষণ হচ্ছে না। বাতাসে অধিক পরিমাণে জলীয় বাষ্প থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। কয়েকদিন পর এ অবস্থা কেটে যাবে বলে তিনি জানান।