পাথরঘাটায় ত্রাণ বঞ্চিত হলো সহস্রাধিক পরিবার

ঘূর্ণিঝড় মহাসেনে বিধ্বস্ত বসতঘর পুনঃনির্মাণের জন্য বরাদ্দ ১ কোটি ৩২ লাখ টাকা উত্তোলনের পর তা ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩২০টি পরিবার সরকারি সাহায্য বঞ্চিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন টাকা ফেরতের কথা স্বীকার করেছেন। মহাসেনে বিধ্বস্ত বসতঘর পুনঃনির্মাণের জন্য ঘর প্রতি ১০ হাজার টাকা করে মোট ১কোটি ৩২লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে রায়হানপুর ইউনিয়নে ১৩৮টি, নাচনাপাড়ায় ১৩০টি, চরদুয়ানিতে ১৮০টি, সদর পাথরঘাটায় ২৩০টি, কালমেঘায় ২০০টি, কাকচিড়ায় ২০৭টি, কাঁঠালতলীতে ১৫০টি ও পৌরসভায় ৮৫টি ক্ষতিগ্রস্ত পরিবার সাহায্যের তালিকাভুক্ত হয়। কিন্তু ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এ টাকা ফেরত গেছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম, এ মাহাবুব হোসেন জানান। বরাদ্দ ফেরত যাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান বরগুনা-২ আসনের সংসদ সদস্যের অসহযোগিতাকে দায়ী করেছেন। সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর জানিয়েছেন, নিয়ম অনুয়ায়ী জুন মাসের মধ্যে কাজ করতে না পারলে সরকারি বরাদ্দ ফেরত যায়। অহেতুক কেউ ফায়দা লুটার জন্য আমার কথা বলতেই পারে। কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে জনগণ চাইলে ফেরত যাওয়া টাকা পুনরায় আনা সম্ভব।