ঢাকা-কালীগঞ্জ সড়ক মৃত্যুফাঁদ

ঢাকার সাথে কালীগঞ্জের যোগাযোগের একমাত্র সড়ক সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পেড়ছে ঢাকা-কালীগঞ্জ সড়ক। খানা-খন্দকে ভরা সরু রাস্তার দু’পাশে নিচু জলাশয় থাকায় প্রতিনিয়তই বাড়ছে ঝুঁকি। জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন ১৮ ফুট প্রশস্থতায় ৩৩ কিমি রাস্তা টঙ্গী থেকে কালীগঞ্জের পাঁচদোনা পর্যন্ত বিস্তৃত। কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শহীদ ময়েজউদ্দিন সেতু নির্মাণের পর এ সড়কটি দিয়ে ঢাকা থেকে বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের প্রায় ৩২টি জেলার যানবাহন চলাচল করে। সড়কটিতে ৪টি রেলক্রসিং আছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। প্রতিটি রেল ক্রসিংয়ে হাঁটু সমান গর্ত হয়েছে। নেই পর্যাপ্ত সিগন্যাল ব্যবস্থা। অসংখ্য বাঁক থাকলেও কোন বাঁকেই নির্দেশক ফলক নেই। এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার-উজ-জামান সমস্যার কথা স্বীকার করে বলেন, বর্তমানে যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের কারণে যানজট এড়াতে এ সড়কে দৈনিক প্রায় ২৫/৩০ হাজার যানবাহন চলাচল করছে। সড়কটির দু’পাশে ৩ ফুট করে বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে।