রায়পুরে বিএনপির ২ গ্রুপের গোলাগুলিতে ৯ জন আহত
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৭
রায়পুর উপজেলার কেরোয়ার মীরগঞ্জ এলাকায় গত শুক্রবার রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ নয়জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল মিশরির কয়েক সহযোগী একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করে স্থানীয় যুবদল কর্মী সোহাগ হোসেন ও তার লোকজন। এ নিয়ে গত শুক্রবার রাতে দুই গ্রুপের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মোঃ ফয়সাল, কামালউদ্দিন ও বধির হোসেন, সোহাগ হোসেন, মোঃ জসীম, দুলাল ও মোঃ বাবুসহ নয়জন আহত হয়। গুলিবিদ্ধ চারজনকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও লক্ষ্মীপুর উপশম হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।
যুবদল কর্মী সোহাগ হোসেন বলেন, একটি মেয়েকে বেলালের লোকজন স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় তারা আমাদের লোকজনের ওপর অতর্কিত গুলি করে। বেলাল মিশরি এ অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাটি নিয়ে এলাকার অতি উত্সাহী কয়েকজন এ ঘটনা ঘটায়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, দু’পক্ষের মধ্যে বন্দুক নিয়ে গোলাগুলি হয়েছে। মীরগঞ্জ বাজার ও আশপাশ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।