শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরে এসেছে
- শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৭
গত সাড়ে চার বছরে শিক্ষাখাতে শৃঙ্খলা ফিরে এসেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট আয়োজিত অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন। শিক্ষামন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ভাতা প্রাপ্তির ভোগান্তি কমিয়েছি। একে আরো সহজ ও স্বাবলীল করা হবে। শিক্ষা সচিব শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা এম এ আউয়াল সিদ্দিকী, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের সদস্য সচিব প্রফেসর আসাদুল হক, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হয়েছে। স্বাধীনতার ৪০ বছর পর একটি সর্বজনগ্রাহ্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে তার বাস্তবায়ন করা হচ্ছে। আমরা শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিত্সা ভাতা বাড়িয়েছি, নতুন বেতন স্কেলের সাথে শিক্ষকদের বেতন দাবি ছাড়াই ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, তাদের জন্য পৃথক বেতন কাঠামো গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, এখন আর শিক্ষক-কর্মচারীদের অবসর-কল্যাণ ভাতার চেকের জন্য ঘুষ দিতে হয় না, দ্বারে দ্বারে ঘুরতে হয় না। গতকাল ১৭৭ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক কর্মচারীর মধ্যে ৩ কোটি ৭৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।