ফুটপাত দখলমুক্ত করার দাবিতে যাত্রী কল্যাণ সমিতির মানববন্ধন
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৭
ফুটপাতে হাঁটার পরিবেশ, গণপরিবহন সংকট ও যানজট থেকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জমানের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যাপক আনু মোহাম্মদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ শান্তি আন্দোলনের প্রেসিডেন্ট অধ্যক্ষ কামাল আতাউর রহমান, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লাহসহ সারাদেশের মহানগরীর ফুটপাতগুলো ৯০ শতাংশ দখল হয়ে গেছে। ফুটপাতগুলোতে হাঁটার কোন পরিবেশ নেই। ফলে বাধ্য হয়ে যাত্রীরা রাস্তা দিয়ে চলাচল করছে। বক্তরা, দখলকৃত ফুটপাত অতিদ্রুত জনগণের চলাচলের জন্য উপযোগী করার দাবি জানান।