নৌকাসহ ২১ জেলেকে ধরে নিয়ে গেছে নাসাকা বাহিনী

মিয়ানমার বাংলাদেশের সীমান্তবর্তী নদী নাফনদী থেকে এক ট্রলার ও ৫ নৌকাসহ ২১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নাসাকা বাহিনী। এ ঘটনায় নাসাকা ৪০ লক্ষ কিয়াত (৪ লক্ষ টাকা) মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন ট্রলার মালিক রমজান আলী। তিনি আরো জানান, গত শুক্রবার রাতে নাফনদীতে ৫টি নৌকা মাছ শিকাররত অবস্থায় ঝড়ো হাওয়ার কবলে পড়লে স্থানীয় ফজল মাঝি আমার মালিকানাধীন একটি ট্রলার ভাড়া নিয়ে তাদের উদ্ধারে যায়। এ সময় ট্রলারে নৌকাগুলো বেঁধে টেনে নিয়ে আসার সময় নাফনদী থেকে মিয়ানমার নাসাকা বাহিনী নৌকা ও ট্রলারসহ ২১ জন জেলেকে ধরে নিয়ে যায়। তিনি আরো জানান, নৌকাগুলোর মালিক হচ্ছে টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়ার আবুল (২টি), ছিদ্দিক (২টি) ও মোঃ আমিন (১টি)। রাত ১০টার দিকে মিয়ানমারের নাসাকার দালাল পরিচয় দিয়ে মুজিব নামে এক ব্যক্তি ৪০ লক্ষ কিয়াত মুক্তিপণ দাবি করে। আটক জেলেরা হচ্ছে, টেকনাফ পৌরসভাস্থ জালিয়াপাড়ার আবুল মিয়া, নুর বশর, মোঃ ইউনুছ, মোঃ ইয়াছের, কালামিয়া, ওমর ফারুক, মোহাম্মদ, আবদুল্লাহ, মোঃ আয়ুব, আবুয়া, মোঃ করিম, ফজল আহমদ, মোর্শেদ, মোঃ হাশিম, কামাল হোছন, আবু ছৈয়দ, আলী আহমদ, ফয়েজ আহমদ, নজির আহমদ, মোঃ ইসমাইল ও আমির হোসেন। টেকনাফ ৪২ ব্যাটলিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান বলেন, এ ব্যাপারে মিয়ানমারের নাসাকা বাহিনী বরাবর লিখিত প্রতিবাদপত্র প্রেরণ করা হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।