স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীদের বৈষম্য দূর করতে ৫ দফা দাবি
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৭
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মাঠ কর্মীদের পদবি, পদমর্যাদা, পদোন্নতি এবং বেতন বৈমষ্য দূর করতে ৫ দফা দাবি ঘোষণা করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ৫ দফা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. কে এম শফিউল আলম বাদশা।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, মাঠ কর্মীদের প্রতি বৈষম্য এখন একটি জাতীয় সমস্যা। এই সমস্যা দ্রুত দূর করা প্রয়োজন। সংবাদ সম্মেলন আগামী ৩১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে প্রক্রিয়াধীন স্বাস্থ্য পরিদর্শক থেকে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের শূন্য পদে পদায়ন করা, ১৪ আগস্টের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট প্রস্তাবগুলো স্বাস্থ্য পরিদর্শকের পদনাম অপরিবর্তীত রেখে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা প্রদান করা এবং ২৯ আগস্টের মধ্যে ১৯৮৫ সালের নিয়োগবিধি হালনাগাদ করার দাবি জানানো হয়। এছাড়াও সাংবাদিক সম্মেলন আরো বলা হয়, সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে ২৬ হাজার ৬০০ সুবিধা বঞ্চিত স্বাস্থ্য কর্মীদের প্রক্রিয়াধীন ৫ দফা দাবিগুলো সংগঠনের ঘোষিত সময়সীমার মধ্যে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১ লক্ষ ১০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচির সকল কার্যক্রম বন্ধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।