ওহাবী-জামায়াতিরা ইসলাম ও নারীকে মুখোমুখি দাঁড় করাচ্ছে

আহলে সুন্নাত ওয়াল জমা’আত নেতারা বলেছেন, ইসলামই নারীর সত্যিকার মর্যাদা, অধিকার ও মুক্তি নিশ্চিত করেছে। ইসলামের নির্দেশনা মেনে চললে ঘরে-বাইরে কোথাও নারীর নিরাপত্তা ও অধিকার বিপন্ন হবে না। অথচ জঙ্গিবাদি বিকৃত মতাদর্শী ওহাবী-জামায়াতিরা নারী জাতির বিরুদ্ধে বিষেদাগার করে ইসলাম ও নারীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। নারী বিদ্বেষী উগ্রবাদীদের এই দুরভিসন্ধিমূলক তত্পরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার এবং দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা। গতকাল শনিবার চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মাহে রমজানের তাত্পর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক মাওলানা এমএ মতিন। বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, আল্লামা এমএ মান্নান, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান, আল্লামা হাফেজ সোলাইমান আনসারী প্রমুখ।