বিবিসি সংলাপে বক্তারা
চাকরিতে কোটা ব্যবস্থার পুনর্বিন্যাস দরকার
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২৩:১০
বিবিসি বাংলাদেশ সংলাপে বক্তারা কোটা ব্যবস্থার পুনর্বিন্যাসের পক্ষে মত দিয়েছেন। গতকাল শনিবার বাংলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে অনুষ্ঠানে তারা এ মত দেন। সংলাপে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।
ড.আব্দুর রাজ্জাক বলেন, আসলে পিছিয়ে পড়াদের জন্যই এই কোটা ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলভেদে রয়েছে কোটা ব্যবস্থা। সরকার বলছে এর পুনর্বিন্যাস করবে। সার্বিকভাবে আমি মনে করি তা প্রয়োজন। তবে এ নিয়ে আন্দোলন বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের কাছ থেকে বিক্ষোভ বা সহিংসতা আমরা সমর্থন করি না। একজন দর্শকের বক্তব্যের প্রেক্ষিতে তিনি অবশ্য পরে বলেন, বিসিএসের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলনকে তিনি সরকার বিরোধী আন্দোলন বলে মনে করেন না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেখানে এখন প্রতিটি জেলায় সমান সুযোগ দেয়া হচ্ছে, সেখানে কিছু নির্দিষ্ট জেলার জন্য বিশেষ কোটা সুবিধা দেয়ার কোন যুক্তি নেই। আর মহিলারা এখন অনেক অগ্রসর হয়েছে, কোটা সুবিধা তারা নিজেরাও এখন অনেকেই চান না। এত বছর পর কয়জন মুক্তিযোদ্ধার সন্তানেরই বা চাকরির বয়স আছে। আসলে মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পশ্চাত্পদ জনগোষ্ঠির জন্য কোটা সুবিধা রাখা উচিত। আমাদের ক্ষমতায় আনলে আমরা অবশ্যই এর পুনর্বিন্যাস করবো। ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি অসাংবিধানিক যেন না হয় এবং নিরপেক্ষভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি কোটারই আসলে যুক্তি আছে। তবে এর পুনর্বিন্যাস প্রয়োজন। যেমন যেখানে যোগ্য প্রার্থী পাওয়া যাবে না, সেখানে অন্যদেরও সুযোগ দেয়া যেতে পারে। ফরিদা আখতার বলেন, যারা দাবি তুলেছেন তাদের বক্তব্যে অবশ্য যুক্তি আছে। তবে নারী বা আদিবাসীদের মতো যাদেরকে আমরা এগিয়ে আনতে চাই, তাদের জন্য এ কোটা ব্যবস্থা প্রয়োজন।