পাঁচ সিটি নির্বাচনের ফলাফলে গণরায় স্পষ্ট: এরশাদ

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ৫ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে এটা স্পষ্ট যে, জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। যদিও এই নির্বাচন দলীয় রূপ নিয়েছিল। এই নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের প্রতিফলন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গতকাল শনিবার বিকালে ৩ দিনের সফরে রংপুরে এসে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, দেশে নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। দেশের মানুষ মহাজোট থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, তাদের সমর্থন ফিরিয়ে নিয়েছে। আগামীতে জাতীয় পার্টি (এ) ৩শ আসনে প্রার্থী দিবে। এজন্য যোগ্য প্রার্থীর সন্ধান করছি। জাতীয় পার্টি (এ) সময়মত মহাজোট থেকে বেরিয়ে নির্বাচনী মাঠে একক শক্তি হিসেবে আবির্ভূত হবে। নেতাকর্মীরা এইচএম এরশাদের রংপুরে আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।