বরিশালে প্রধানমন্ত্রীর সই জাল করে চাকরির চেষ্টা, মামলা দায়ের
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২৩:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চাকুরীর চেষ্টা করায় দুই চাকুরী প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক । শুক্রবার রাতে কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার আসামি করা হয়েছে নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে আবু বক্কর সিদ্দিক ও সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামের জলিল আকনের কন্যা নূসরাত বেগমকে।
মামলার এজাহারে বলা হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকুরীর জন্য ২১ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ জুন ঐ দুই প্রার্থীর প্রবেশপত্রের ফটোকপি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সুপারিশসহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। পরিবার- পরিকল্পনা পরিচালকের বিষয়টি সন্দেহ হলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন।