দেশে ফিরেই নিরবের শিডিউল জট

অবশেষে টানা এক মাসের সফর শেষে দেশে ফিরলেন নিরব। ফেসবুক ও দেশীয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এরই মধ্যে চাউর হয় তিনি দীর্ঘদিন ধরেই মালয়শিয়ার ‘মাংগালা কাউবয়’ নামের একটি বাংলাদেশ-মালয়েশিয়ান যৌথ চলচ্চিত্রে কাজ করছেন। তবে এক মাসের মাথায় ছবিটির সমস্ত কাজ শেষ করে অবশেষে দেশে ফিরেছেন তিনি। দেশে এই এক মাসে প্রায় হাফ ডজন চলচ্চিত্রের শিডিউল জটে পড়ে। আর তাই এখন দেশে এসেই সেই সব ছবিগুলোর বাকি অংশের কাজ শেষ করছেন। তবে নিরব নিজের শিডিউল জটের বিষয়ে খানিকটা আক্ষেপ করে বলেন, ‘আমি দেশের মান উজ্জ্বল করতেই একটি যৌথ প্রযোজনার ছবি করতে মালয়েশিয়া যাই। আমি কারও শিডিউল ফাঁসাতে চাইনি। বরং সবাইকে অনুরোধ করেই বলেছি, আমার শিডিউলটা পরিবর্তন করানোর জন্য। এ ছাড়া আমি মালয়েশিয়া থেকে বেশ ক’জন সিনিয়র শিল্পীকে ফোন করি আমার শিডিউলটা একটু ম্যানেজ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সিনিয়র শিল্পীরা আমকে তেমন একটা সহযোগিতা করেননি। উল্টো আমি খানিকটা দেরি করেছি বলে এখন আমার কো-আর্টিস্ট নিপুণ অযাচিত ব্যস্ততা দেখিয়ে নিজের ডেট বের করতে অস্বীকৃতি জানাচ্ছে।’ এমন শিডিউল জটলা মেটাতেই তাই নিরবের এখন সময় চলে যাচ্ছে। তবে খুব শিগগিরই নিজের পরিশ্রম হলেও সবার কাজ যত দ্রুত সম্ভব করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী সপ্তাহেই তিনি গাজীপুর থাকবেন পপির সাথে জুটি বেঁধে চলচ্চিত্রটি শেষ করার জন্য। এদিকে মালয়েশিয়ায় চিত্রায়িত চলচ্চিত্রটিও খুব শিগগিরই চূড়ান্ত হয়ে এ দেশে একটি বাংলা ভার্সন মুক্তি পাবে। এর পাশাপাশি নবাগতা অমৃতার সাথে তার ‘অন্তরে অন্তরে’ চলচ্চিত্রটিরও কাজ এ বছরই শুরু হবে পূর্ণোদ্যমে।